নভেম্বর ৭, ২০২৫, ০৯:২১ পিএম
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আওয়ামী লীগের যারা কোনো অন্যায় বা জুলুম করেনি, তাদের পাশে তারা থাকবেন এবং তাদের সঙ্গে কোনো ধরনের জুলুম করা হবে না। তবে যারা দমন-নিপীড়ন ও নির্যাতন করেছে, তাদের আর রাজনীতি করার সুযোগ থাকবে না।শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ঝিনাইদহ সদরের হলিধানী বাজারে নির্বাচনী গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, “আওয়ামী লীগের যারা কোনো অন্যায় করেনি, যারা কোনো জুলুম করেনি তাদের পাশে আমরা থাকব। তাদের সঙ্গে আমরা জুলুম করব না। নিরীহ আওয়ামী লীগ, সাধারণ আওয়ামী লীগকে কোনো হয়রানি করা যাবে না।”তবে তিনি হুঁশিয়ারি দেন, “আওয়ামী লীগের যারা দমন করেছে, নিপীড়ন করেছে, নির্যাতন করেছে তারা আর রাজনীতি করতে পারবে না। তাদের আপনারা পুলিশের হাতে তুলে দিন।
রাশেদ খান উল্লেখ করেন, দেশে এখন নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে। তিনি বলেন, বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলনসহ ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের কর্মীরা দীর্ঘদিন জেল-জুলুম সহ্য করে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করে গেছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে যে দলই বিজয়ী হোক, তারা জাতীয় সরকার গঠনের জন্য কাজ করে যাচ্ছেন।
তিনি সবাইকে পাল্টাপাল্টি কর্মসূচি না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এতে সংঘাত তৈরির শঙ্কা দেখা দেবে এবং ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর পারস্পরিক সংঘাত আওয়ামী লীগের ফেরার পথ সহজ করবে।ঝিনাইদহ-২ আসনে বিএনপি প্রার্থী না দেওয়ায় তিনি বলেন, এটি যুগপৎ আন্দোলনের সহযোদ্ধাদের জন্য বিএনপির পলিসি। এ বিষয়ে বিএনপির হাইকমান্ড আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও তিনি জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন