মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,

কক্সবাজারের হোটেল-মোটেল জোনের বসতঘরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১০, ২০২৬, ০৯:৫৭ এএম

কক্সবাজারের হোটেল-মোটেল জোনের বসতঘরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

ছবি: সংগৃহীত

কক্সবাজার শহরের পর্যটন এলাকার কলাতলীতে হোটেল-মোটেল জোনের একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশের হোটেল ও বসতবাড়ি থেকে লোকজন বেরিয়ে নিরাপদ স্থানে অবস্থান নেন।

মঙ্গলবার সকাল ৬টার দিকে কলাতলীর সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পরপরই চারটি ইউনিট প্রয়োজনীয় নির্বাপণ সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে এবং আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি হোটেল ও রিসোর্ট রয়েছে। আগুনের খবর ছড়িয়ে পড়ার পর এসব হোটেলে অবস্থানরত পর্যটক এবং আশপাশের বসতবাড়ির বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন এবং সড়কে অবস্থান নেন।

এদিকে কক্সবাজারের পর্যটন এলাকায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ বাড়ছে। গত ১৭ অক্টোবর মেরিন ড্রাইভ-সংলগ্ন উখিয়ার ইনানী এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন পর্যটকের মৃত্যু হয়েছিল। ওই ঘটনার ছয় দিন পর, ২৩ অক্টোবর কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে হোটেল সি প্রিন্সেসেও আগুন লাগে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। সর্বশেষ কলাতলীর এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।