বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

শিশুকে নির্যাতন করা সেই স্কুলের ব্যবস্থাপক গ্রেপ্তার

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৩, ২০২৬, ১০:০০ এএম

শিশুকে নির্যাতন করা সেই স্কুলের ব্যবস্থাপক গ্রেপ্তার

রাজধানীর নয়াপল্টনে ‘শারমিন একাডেমি’ নামক একটি শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতি শিশুকে অমানবিক নির্যাতনের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি ও স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন হুসাইন মুহাম্মদ ফারাবী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার সূত্রপাত গত ১৮ জানুয়ারি, যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ৪ মিনিট ১৩ সেকেন্ডের একটি লোমহর্ষক ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, স্কুলের পোশাক পরা এক শিশুকে টেনেহিঁচড়ে অফিস কক্ষে নিয়ে যান স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শারমিন জাহান। 

সেখানে শিশুটিকে চড় মারা হয় এবং ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়া শিশুটির গলা ও মুখ চেপে ধরেন। একপর্যায়ে পবিত্র কুমার একটি স্ট্যাপলার দিয়ে শিশুটির মুখ স্ট্যাপল করার ভঙ্গি করে ভয় দেখান, যা দেখে দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়।

নির্যাতিত শিশুর মা বাদী হয়ে বৃহস্পতিবার পল্টন থানায় শিশু অধিকার আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্ত দম্পতি পলাতক ছিলেন। পল্টন থানার ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খান জানান, প্রধান আসামি গ্রেপ্তার হলেও মামলার অন্য আসামি শারমিন জাহানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে স্কুলটি বন্ধ করে দেওয়া হয়েছে।

এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে অভিভাবক এবং মানবাধিকার কর্মীরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত পবিত্র কুমারকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হবে।