জানুয়ারি ২৪, ২০২৬, ০৩:৪৯ পিএম
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করেই স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৪ জানুয়ারি) সকালে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন।
তিনি জানান, এই হত্যাকাণ্ডের মূল নির্দেশদাতা হিসেবে দিলীপ ওরফে বিনাস নামে এক ব্যক্তির নাম উঠে এসেছে।ডিবি প্রধান জানান, কারওয়ান বাজার এলাকার কাঁচাবাজার ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায়ের জন্য ৮ থেকে ৯টি প্রভাবশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে।
এই সিন্ডিকেটগুলোর মধ্যে দ্বন্দ্ব এবং আধিপত্যের জেরে ‘দাদা’ হিসেবে পরিচিত বিনাসের নির্দেশে মুসাব্বিরকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। গত ৭ জানুয়ারি কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের পাশের একটি গলিতে প্রকাশ্য দিবালোকে মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়।
এই ঘটনায় নিহতের স্ত্রী তেজগাঁও থানায় মামলা দায়ের করেন।তদন্তের ধারাবাহিকতায় শুক্রবার (২৩ জানুয়ারি) নরসিংদীর মাধবদী এলাকা থেকে হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া অন্যতম শ্যুটার মো. রহিমকে গ্রেপ্তার করেছে ডিবি। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। রহিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং অন্য এক আসামির আদালতে দেওয়া ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বিনাসের সরাসরি নির্দেশনার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। শফিকুল ইসলাম বলেন, "চাঁদাবাজদের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল নেই, তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়।
কারওয়ান বাজারের মতো জনবহুল এলাকায় এমন সিন্ডিকেট ভেঙে দিতে ডিবি শিগগিরই বিশেষ অভিযান শুরু করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিবি প্রধান। তিনি জানান, বিনাসসহ এই হত্যাকাণ্ডে জড়িত বাকিদের গ্রেপ্তারে একাধিক টিম মাঠে কাজ করছে। উদ্ধারকৃত অস্ত্র নিয়ে রহিমের বিরুদ্ধে মাধবদী থানায় পৃথক একটি অস্ত্র মামলাও দায়ের করা হয়েছে। ডিবি প্রধান দৃঢ়ভাবে বলেন যে, রাজধানীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলোতে চাঁদাবাজি ও দখল বাণিজ্য বন্ধে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন