বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

দিনাজপুরে জুলাই যোদ্ধাদের উল্লাস: রায়ের পর শহরে মিষ্টি বিতরণ

মো: মামুনুর রশিদ

নভেম্বর ১৭, ২০২৫, ০৮:২৪ পিএম

দিনাজপুরে জুলাই যোদ্ধাদের উল্লাস: রায়ের পর শহরে মিষ্টি বিতরণ

ছবি-দিনাজপুর টিভি

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল।

এই রায় ঘোষণার পর সারা দেশের মতো দিনাজপুরেও আনন্দের বন্যা বইছে। রায় ঘোষণার পর শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন জুলাই যোদ্ধারা।

সোমবার (১৭ নভেম্বর ২০২৫) বাদ মাগরিব দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দান সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভ থেকে জুলাই যোদ্ধাদের একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মডার্ণ মোড়ে গিয়ে শেষ হয়।

আনন্দ শোভাযাত্রায় জুলাই যোদ্ধা মোস্তফা শাকিল, মিনহাজ জামান, মো. শাহিন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা একরামুল হক আবির, আরিফ মুন, মো. সাব্বিরসহ অন্যান্য জুলাই যোদ্ধা ও এনসিপি'র নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এদিকে আনন্দ মিছিল শুরুর আগে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে শহরের বিভিন্ন মোড়ে মিষ্টি বিতরণ করা হয়।