নভেম্বর ২৯, ২০২৫, ০৬:৫০ পিএম
পার্বতীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের পার্বতীপুর প্রতিনিধি আবদুল কাদির ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
আজ শনিবার (২৯ নভেম্বর) সকাল ৭টায় তিনি নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার সময় পথেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আবদুল কাদির কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় জন্মগ্রহণ করেন এবং পার্বতীপুর পৌরসভার ধুপিপাড়া মহল্লায় স্থায়ীভাবে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি চার পুত্র, দুই কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আবদুল কাদির দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি ব্রাদার্স লাইব্রেরি এবং পার্বতীপুর সুন্দরবন কুরিয়ার সার্ভিসেরও স্বত্বাধিকারী ছিলেন। তাঁর সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার জন্য তিনি সহকর্মী সাংবাদিক মহল, স্থানীয় প্রশাসন ও গণমানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।
তাঁর মৃত্যুতে পার্বতীপুর প্রেসক্লাব, সাংবাদিক সমাজসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।এক শোকবার্তায় তারা বলেন, পার্বতীপুরের সাংবাদিকতা অঙ্গনে তিনি ছিলেন একজন নিরলস কর্মী ও অনুকরণীয় ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে পার্বতীপুর সাংবাদিক মহলে অপূরণীয় ক্ষতি হলো। সবাই মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন। মহান আল্লাহ পাক তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন