রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিদায়বেলায় আবেগঘন পরিবেশ: ঘোড়াঘাটে নতুন ইউএনও’র যোগদান

আজহারল ইসলাম সাথী

ডিসেম্বর ৩, ২০২৫, ০৪:০০ পিএম

বিদায়বেলায় আবেগঘন পরিবেশ: ঘোড়াঘাটে নতুন ইউএনও’র যোগদান

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোড়াঘাটের নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন মিজ রুবানা তানজিন।

২০২৩ সালের ৫ নভেম্বর ঘোড়াঘাটে যোগদানের পর থেকেই ইউএনও রফিকুল ইসলাম তাঁর মানবিক আচরণ, সেবামুখী উদ্যোগ ও সাধারণ মানুষের প্রতি আন্তরিকতার কারণে এলাকাবাসীর কাছে একজন শিক্ষানুরাগী ও মানবিক কর্মকর্তা হিসেবে পরিচিতি পান।

তাঁর সময়কালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, শ্রেণিকক্ষে গিয়ে পাঠদান, স্থানীয় সমস্যা দ্রুত সমাধান এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করার কারণে সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়ান তিনি।

তাঁর বিদায়কে ঘিরে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। বিদায় সংবর্ধনায় বক্তারা বলেন, রফিকুল ইসলামের দূরদর্শিতা, সততা ও মানবিকতার কারণে উপজেলার প্রশাসনিক কার্যক্রমে যে গতি ও স্বচ্ছতা এসেছে তা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তিনি এবার রপ্তানি উন্নয়ন ব্যুরোতে উপ-পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন ৩৭তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মিজ রুবানা তানজিন।

এর পূর্বে তিনি কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।তিনি বাংলাদেশের শীর্ষস্থানীয় চিকিৎসা বিজ্ঞান বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কোর্স সম্পন্ন করেন। তাঁর দেশের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায়।

নতুন ইউএনও মিজ রুবানা তানজিনের যোগদানে এলাকায় নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ মনে করছেন, তাঁর দক্ষতা, অভিজ্ঞতা ও দায়িত্ববোধ ঘোড়াঘাটের উন্নয়ন ধারাকে আরও এগিয়ে নেবে। যোগদান করার পর তাঁকে সুশীল সমাজ ও নানা পেশা-শ্রেণীর সংগঠন অভিনন্দন ও ফুল দিয়ে বরণ করে নেয়।