রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিরলে প্রতিবন্ধী উদ্যোক্তা মেলার উদ্বোধন

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৪, ২০২৫, ০৮:৪১ পিএম

বিরলে প্রতিবন্ধী উদ্যোক্তা মেলার উদ্বোধন

ছবি-দিনাজপুর টিভি

প্রতিবন্ধী নাগরিকরা যেন সমাজে অন্যসব নাগরিকের মতো সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারেন, সে বিষয়ে সচেতনতা তৈরি ও কার্যকর পদক্ষেপ নিতে দিনাজপুরের বিরলে অনুষ্ঠিত হলো অন্তর্ভুক্তিমূলক প্রতিবন্ধী উদ্যোক্তাদের মেলা।

গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) বিরলের রুদ্রপুর দীপশিখা প্রাঙ্গণে আঞ্চলিক অংশীজনদের অংশগ্রহণে এই মেলার উদ্বোধন করেন বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিমরান মোহাম্মদ সায়েক।

উদ্বোধনকালে ইউএনও জিমরান মোহাম্মদ সায়েক বলেন, "সমাজের অবিচ্ছেদ্য এই অংশকে সব নাগরিক সুযোগ-সুবিধা দিয়ে যথাযথ প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি জ্ঞানের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে।

তবেই প্রতিবন্ধী ব্যক্তিরাও জাতীয় উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবেন।" তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, "প্রতিবন্ধীরা যেন সমাজের বোঝা না হয়, তারা যেন দেশের সম্পদে পরিণত হয়।"উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই মেলায় ২০টি স্টল সাজানো হয়। প্রতিবন্ধী উদ্যোক্তারাই এসব স্টলে নিজেদের হাতে তৈরি পণ্য প্রদর্শন করেন। মেকানিক, ঝালমুড়ির দোকান, পুরোনো কাপড়ের ব্যাগ, পাপড়, এমব্রডারি—এরকম বিভিন্ন পণ্য বিক্রি করে প্রতিবন্ধীরা নিজেদের উদ্যোক্তা হবার স্বপ্নকে তুলে ধরেন। প্রশিক্ষণ নিয়ে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে তারা এখন স্বাবলম্বী।

লিলিয়ান ফন্ডস এর অর্থায়নে এবং সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলমেন্ট (CDD)-এর সহযোগিতায় এই মেলার বাস্তবায়নে এগিয়ে এসেছে দীপশিখা ও কামটুওয়াক নামের দুটি সংগঠন। এই উদ্যোগের মাধ্যমে বিরল ও কাহারোল উপজেলায় ৬ শতাধিক যুব ও শিশু প্রতিবন্ধী বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধিতে অংশ নিচ্ছে।

দীপশিখার নির্বাহী পরিচালক জগদীশ চন্দ্র রায়ের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, ধনঞ্জয় দেবনাথ, অনামিকা পান্ডে এবং প্রকল্প সমন্বয়কারী হিমাংমু দত্ত রায়। বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করাকে সমাজের অঙ্গীকার বলে উল্লেখ করেন।