রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ব্রেইন ফাউন্ডেশন ও ফেইথের উদ্যোগে মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

মো: মামুনুর রশিদ

ডিসেম্বর ১৬, ২০২৫, ০৭:০৪ পিএম

ব্রেইন ফাউন্ডেশন ও ফেইথের উদ্যোগে মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

ছবি-দিনাজপুর টিভি

মহান বিজয় দিবস -২০২৫ উপলক্ষে দিনাজপুরের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ব্রেইন ফাউন্ডেশন দিনাজপুর ও ফেইথ বাংলাদেশ-এর উদ্যোগে দিনব্যাপী এক বিশাল মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনাজপুর জেলা সদরের ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের অন্তর্গত চেরাডাঙ্গী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই বিনামূল্যে চিকিৎসা সেবা, চক্ষুসেবা, ঔষধ বিতরণ ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই মানবিক আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।

ব্রেইন ফাউন্ডেশন, দিনাজপুর এর সভাপতি ডা. মো. সারোয়ার মুর্শেদ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলী, ব্রেইন ফাউন্ডেশন, বাংলাদেশের মহাসচিব অধ্যাপক ডা. এ এইচ এম শফিকুর রহমান, ফেইথ বাংলাদেশের নির্বাহী পরিচালক মিজ নীলুফার আহমেদ করিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. জামিরুল ইসলাম জুয়েল।কর্মসূচিতে প্রায় ১,৫০০ দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা, চক্ষুসেবা, ঔষধ ও শীতবস্ত্রের সুবিধা লাভ করেন।

এতে সাধারণ রোগ, শিশু স্বাস্থ্য, নারী স্বাস্থ্য, নাক-কান-গলা, চর্ম রোগ, মেডিসিন, সার্জারি এবং চক্ষু সমস্যার চিকিৎসা প্রদান করা হয়। বিশেষ আকর্ষণ ছিল:বিশেষ চাহিদাসম্পন্ন শিশু: ফেইথ বাংলাদেশের থেরাপিউটিক হেড ও বিশেষজ্ঞ থেরাপিস্টরা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রাথমিক মূল্যায়ন ও পরামর্শ প্রদান করেন।চক্ষুসেবা: গাউসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল (দিনাজপুর) এর চীফ কনসালটেন্ট ডা. ইলিয়াস আলী খান এডিন এর নেতৃত্বে চক্ষু সমস্যার চিকিৎসা দেওয়া হয়।

উপস্থিত বক্তারা বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আরও উল্লেখ করেন, ব্রেইন ফাউন্ডেশন ও ফেইথ বাংলাদেশ নিয়মিতভাবে দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে।এই বিশাল কর্মসূচিতে এম, খান ফাউন্ডেশন, অপসোনিন ফার্মা, রেনেটা পিএলসি সহ ১৭টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সহযোগিতা প্রদান করে।