সেপ্টেম্বর ১২, ২০২৬, ০৩:১৫ পিএম
বিশেষ শিশুদের স্কুল ও থেরাপি সেন্টারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে দিনাজপুরে। শনিবার (১২ সেপ্টেম্বর) ব্রেইন ফাউন্ডেশন দিনাজপুরের উদ্যোগে শহরের বিএনএসবি চক্ষু হাসপাতাল রোড সংলগ্ন স্থানে সাইনিং লাইফ স্কুল ও থেরাপি সেন্টারের উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. সাদেক আলী এবং ব্রেইন ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শফিকুর রহমান তরুণ।
দিনাজপুরবাসীর দীর্ঘদিনের চাহিদার প্রেক্ষিতে এই বিশেষায়িত কেন্দ্রটি স্থাপন করা হলো। উদ্বোধনের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্রেইন ফাউন্ডেশন দিনাজপুরের সভাপতি অধ্যাপক ডা. সারোয়ার মোর্শেদ আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জামিরুল ইসলাম জুয়েল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর কবির, ড্যাব দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব মো. জিয়াউল হক, ডা. মো. হাফিজুল ইসলাম, ডা. মো. রইছ উদ্দিন, ডা. মাস্তুরা বেগম এবং দিনাজপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল শাহনেওয়াজ।
অনুষ্ঠানে অধ্যাপক ডা. শফিকুর রহমান তরুণ বলেন, দিনাজপুরবাসীর দীর্ঘদিনের চাহিদাকে সামনে রেখে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন রোগীদের অকুপেশনাল থেরাপি এবং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির সেবা দিয়ে আসছি। অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. সাদেক আলী বলেন, এই প্রতিষ্ঠানটি মানবতার কল্যাণে বিশেষ করে প্রতিবন্ধী শিশুদের বিভিন্ন ধরনের সেবা প্রদানের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। আমরা যে যে অবস্থানে আছি না কেন আমরা সবাই এই ব্যাপারে সহযোগিতা করে যাবো।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. সারোয়ার মোর্শেদ আলম বলেন, আমার বিশ্বাস সবার সহযোগিতা পেলে দিনাজপুরে বিশেষ করে প্রতিবন্ধী শিশুদের সেবা প্রদানের একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। ব্রেইন ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জামিরুল ইসলাম জুয়েল প্রতিষ্ঠানটিকে একটি আদর্শ সেবামূলক কেন্দ্রে রূপান্তরে সকলের কার্যকর সহায়তা কামনা করেন। ব্রেইন ফাউন্ডেশনের অধীনে এখানে দীর্ঘদিন ধরে বিশেষ চাহিদা সম্পন্ন রোগীদের ফিজিওথেরাপি সেবা পরিচালিত হয়ে আসছে। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কমিটির নির্বাহী সদস্য আদনান জুলফিকার ও আজীবন সদস্য শাহরিয়ার মাহমুদ তুষার।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন