রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ

মো: মামুনুর রশিদ

ডিসেম্বর ১৯, ২০২৫, ০৪:২২ পিএম

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ

ছবি-দিনাজপুর টিভি

আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমআ শহরের বিভিন্ন মসজিদে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) দিনাজপুর জেলা শাখার উদ্যোগে দিনাজপুর জেনারেল হাসপাতাল জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া শেষে হাসপাতালের সামনে এক বিক্ষোভ সমাবেশ করেন সংগঠনের নেতা-কর্মীরা। সমাবেশে বক্তারা ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এদিকে, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাদ জুমআ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া শেষে একটি মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।অন্যদিকে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর সরকারি কলেজ ও দিনাজপুর মেডিকেল কলেজ শাখার উদ্যোগে পৃথকভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দিনাজপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর ঢাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন এবং বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর এই মৃত্যুতে দিনাজপুর জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং বিভিন্ন স্তরের মানুষ বিচারের দাবিতে রাজপথে নেমেছেন।