মো. আরিফ ইসলাম
ডিসেম্বর ৩০, ২০২৫, ১২:১৩ এএম
ছবি-দিনাজপুর টিভি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মতিউর রহমান তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমাদানের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক।
জেলা তারবিয়্যাত সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জাকিরুল ইসলাম। এছাড়াও জামায়াত মনোনীত বীরগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী মো. রাশেদুন্নবী বাবুসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. মতিউর রহমান বলেন, “দিনাজপুর-১ আসনের সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত ও সুশাসন প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। এই এলাকার মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে এবং তাদের অধিকার রক্ষায় আমি কাজ করতে চাই।
ইনশাআল্লাহ, বীরগঞ্জ ও কাহারোলের জনগণের সমর্থন পেলে একটি সমৃদ্ধ ও আদর্শ এলাকা হিসেবে এই আসনটিকে গড়ে তুলব।মনোনয়নপত্র জমাদানকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।