শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

বীরগঞ্জ ও কাহারোলের বিজয় উৎসবে সিক্ত নবনির্বাচিত এমপি মনজুরুল ইসলাম

মোঃ আরিফ ইসলাম

ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৯:২১ পিএম

বীরগঞ্জ ও কাহারোলের বিজয় উৎসবে সিক্ত নবনির্বাচিত এমপি মনজুরুল ইসলাম

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচনে বিজয় লাভের পর বীরগঞ্জ উপজেলার প্রধান নির্বাচনী কার্যালয়ে পৌঁছালে তাকে এই উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

এমপি মনজুরুল ইসলামের আগমনকে কেন্দ্র করে বীরগঞ্জ কার্যালয় ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রায় পাঁচ হাজার মানুষের উপচে পড়া ভিড়ে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা বিনিময় শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নবনির্বাচিত এমপি মো. মনজুরুল ইসলাম বলেন, "এই বিজয় আমার একার নয়—এটি বীরগঞ্জ ও কাহারোলবাসীর বিজয়। আমি দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে এই অঞ্চলের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই।

অনুষ্ঠানে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, জেলা প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক এবং পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহারসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানান।