মোঃ আরিফ ইসলাম
ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৭:৩৩ পিএম
ছবি-দিনাজপুর টিভি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে বীরগঞ্জ-ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে এই সভা অনুষ্ঠিত হয়।
জনসভায় দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, "এলাকার মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে এবং একটি ইনসাফভিত্তিক সমাজ গড়তে আমরা কাজ করছি। জয়ী হলে বীরগঞ্জ ও কাহারোলকে আধুনিক ও উন্নত জনপদে রূপান্তর করা হবে।"
বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর কারী মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় দলীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। সভার শুরুতেই প্রার্থীর সমর্থনে স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
বক্তারা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তাঁরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে জামায়াতের ন্যায়বিচার, জনকল্যাণ ও উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। জনসভা শেষে প্রার্থীর পক্ষে একটি গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিও পালন করা হয়।