ডিসেম্বর ৩১, ২০২৫, ০৯:২৬ পিএম
দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা গ্রামে কনকনে শীতের কষ্ট লাঘবে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে ঘুঘুডাঙ্গা ইসলামিয়া ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে বিশিষ্ট শিল্পপতি ও মাদ্রাসার আজীবন সভাপতি আলহাজ্ব মো. আহসান হাবীবের নিজস্ব অর্থায়নে এই কর্মসূচি পালন করা হয়।
এদিন এলাকার প্রায় ৩০০ জন দরিদ্র নারী-পুরুষের হাতে উন্নতমানের শীতবস্ত্র তুলে দেওয়া হয়। হাড়কাঁপানো শীতে নতুন বস্ত্র হাতে পেয়ে সুবিধাভোগীদের মুখে হাসির ঝিলিক দেখা যায়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুস সালাম হজ গ্রুপের পরিচালক আলহাজ্ব মো. আব্দুস সালাম, ঘুঘুডাঙ্গা ইসলামিয়া ইবতেদায়ী মাদ্রাসার সহ-সভাপতি মোকসেদুল আলম, সাধারণ সম্পাদক মো. ইরফান আলী এবং সহ-সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিল্পপতি আহসান হাবীবের এই প্রচেষ্টা এলাকার অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিশেষ করে এই তীব্র শীতে দরিদ্র মানুষের শীতবস্ত্রের চাহিদা পূরণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার উপদেষ্টা আলিনুর হক, আব্দুর রহিম, সদস্য রবিউল ইসলাম, আব্দুর রউফ, ঘুঘুডাঙ্গা মোল্লাপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এবং ঘুঘুডাঙ্গা ইসলামিয়া ইবতেদায়ী মাদ্রাসার প্রধান মোহতামিম মাওলানা মো. মামুনুর রশিদ প্রমুখ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন