বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বাস উল্টে প্রাণ গেল ২ বছরের শিশুর; আহত ১৩ জন

মো: মামুনুর রশিদ

জানুয়ারি ১, ২০২৬, ১০:৪১ পিএম

বাস উল্টে প্রাণ গেল ২ বছরের শিশুর; আহত ১৩ জন

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের নতুন ভুষিবন্দরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে দশমাইল হাইওয়ে মহাসড়কের নতুন ভুষিবন্দর তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন, যাদের আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শিশুটির নাম তাইফ। সে জেলার বিরল উপজেলার নিজামপুর এলাকার রবিউল ইসলামের পুত্র।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী বাস ভুষিবন্দর তেল পাম্পের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়।

এ সময় দ্রুতগতির বাসটি সড়কের পাশের বৈদ্যুতিক পিলারের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে উল্টে দুমড়ে-মুচড়ে যায়।দুর্ঘটনার পর স্থানীয় জনতা ও দিনাজপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় মোট ১৪ জনকে হাসপাতালে আনা হয়েছিল।

এর মধ্যে শিশু তাইফকে মৃত ঘোষণা করা হয়। বাকি ১৩ জন বর্তমানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।আহতদের মধ্যে আরমান, শুভ, শাহজাহান (তিলক), উজ্জ্বল, রিয়াজুল ও নজরুল ইসলামসহ বেশ কয়েকজন নারী ও পুরুষের নাম জানা গেছে। অবুঝ শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় এবং হাসপাতাল প্রাঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।