বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

মো: মামুনুর রশিদ

জানুয়ারি ৩, ২০২৬, ০৩:৫১ পিএম

দিনাজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

ছবি-দিনাজপুর টিভি

“প্রযুক্তি ও সমতায় কল্যাণ ও মমতায় আস্থা আজ সমাজসেবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ পালিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম. হাবিবুল হাসান।

র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিশু একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়।পরে শিশু একাডেমি অডিটোরিয়ামে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিম, সিভিল সার্জন ডা. মো. আসিক ফেরদৌস এবং দিনাজপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. জহরুল হক।স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুনির হোসেন। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজসেবা কার্যালয়ের সাবেক উপ-পরিচালক আহসানুল্লাহ হক চৌধুরী, শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম ও উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আযম।

বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তিকে কাজে লাগিয়ে সামাজিক ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণকর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক সমাজসেবা কর্মকর্তা রুস্তম-এ-জামান।