শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

নবাবগঞ্জে প্রতিবন্ধী শিশুদের শীতের কম্বল দিলেন সহকারী কমিশনার

অলিউর রহমান মিরাজ

জানুয়ারি ৪, ২০২৬, ০৩:১৬ পিএম

নবাবগঞ্জে প্রতিবন্ধী শিশুদের শীতের কম্বল দিলেন সহকারী কমিশনার

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের নবাবগঞ্জে শীতার্ত ও সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী শিশুদের উষ্ণতা দিতে পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। রবিবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নের সীতারকোটে অবস্থিত ‘আঞ্জুমান আরা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়’-এর শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

বিদ্যালয়ের সভাপতি মো. রাশেদ বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে কম্বল তুলে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর মাহফুজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. নাজমুল হুদা।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর মাহফুজ বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। রাষ্ট্র ও সমাজের অন্যান্য নাগরিকের মতো তাদেরও সমান সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। সরকারি সকল উন্নয়ন ও সামাজিক সুরক্ষা কর্মসূচিতে প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

শীতবস্ত্র বিতরণকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া, সহকারী শিক্ষক সাইদুর রহমান, আলিফ লাইলাক সুমনা ও শাহ আলমসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। কনকনে শীতে প্রশাসনের এই উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেছেন বিদ্যালয়টির বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের অভিভাবকেরা।