শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

দিনাজপুর–৫ ও ৬ আসনে একাধিক প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মো: মামুনুর রশিদ

জানুয়ারি ৪, ২০২৬, ০৪:১৫ পিএম

দিনাজপুর–৫ ও ৬ আসনে একাধিক প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে দিনাজপুরের গুরুত্বপূর্ণ দুই আসন (দিনাজপুর-৫ ও ৬) থেকে দাখিলকৃত প্রবীণ ও নবীন রাজনৈতিক নেতাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রার্থীদের উপস্থিতিতে এই ঘোষণা দেন।

দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর): এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এছাড়াও এই আসন থেকে বৈধতা পেয়েছেন জামায়াতে ইসলামীর আনোয়ার হোসেন, এনসিপির ডা. আহাদ আলী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির এ জেড এম রেজওয়ানুল হক এবং এস এম জাকারিয়ার মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়।

দিনাজপুর-৬ (হাকিমপুর-বিরামপুর-ঘোড়াঘাট-নবাবগঞ্জ): দিনাজপুরের সর্ববৃহৎ এই নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত হেভিওয়েট প্রার্থী, দলের স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে। এছাড়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আনোয়ারুল ইসলামের মনোনয়নপত্রটিও বৈধ বলে গৃহীত হয়েছে।

প্রতিক্রিয়া: মনোনয়ন বৈধ হওয়ার পর ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, এই আসনের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমি জনগণের সমর্থন নিয়ে এগিয়ে যেতে চাই। সাধারণ মানুষের ভালোবাসাই আমার শক্তি।মনোনয়নপত্র বৈধ ঘোষণার সাথে সাথে দুই আসনের নির্বাচনী এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। কর্মী-সমর্থকরা মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলের প্রস্তুতি নিচ্ছেন। এখন প্রতীক বরাদ্দ ও আনুষ্ঠানিক প্রচারণার অপেক্ষায় রয়েছেন প্রার্থীরা।