সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুর-৬ আসনে নির্বাচনী উত্তাপ: লড়াইয়ে মুখোমুখি ধানের শীষ ও দাঁড়িপাল্লা

ফাহিম হোসেন রিজু 

জানুয়ারি ৩১, ২০২৬, ১১:০৭ এএম

দিনাজপুর-৬ আসনে নির্বাচনী উত্তাপ: লড়াইয়ে মুখোমুখি ধানের শীষ ও দাঁড়িপাল্লা

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুরের সর্ববৃহৎ সংসদীয় আসন দিনাজপুর-৬ (বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) এখন উত্তাপে সরগরম। প্রচার-প্রচারণা, সভা-সমাবেশ আর গণসংযোগে মুখরিত চার উপজেলা। এই আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটের মাঠের সমীকরণে মূল লড়াই জমে উঠেছে বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম মো. জাহিদ হোসেন (ধানের শীষ) ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আনোয়ারুল ইসলামের (দাঁড়িপাল্লা) মধ্যে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষের প্রার্থী ডা. এ জেড এম মো. জাহিদ হোসেন নির্বাচনী সভায় বলেন, “এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে পরিকল্পিত উন্নয়ন থেকে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থায় আমরা চরম বৈষম্যের শিকার। 

নির্বাচিত হলে এই জনপদকে জাতীয় উন্নয়নের মূল ধারায় ফিরিয়ে আনা হবে।অন্যদিকে, জামায়াত মনোনীত প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম তাঁর গণসংযোগে বলেন, “এ এলাকার ঐতিহাসিক স্থাপনাগুলো আজ ধ্বংসের মুখে। আমাদের দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ঐতিহ্য রক্ষা এবং অবহেলিত এই অঞ্চলের সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

তিনি পরিবর্তনের লক্ষ্যে ইনসাফ ও উন্নয়নের ডাক দিয়ে ভোটারদের সমর্থন চান।আসনটিতে অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির মো. রেজাউল হক (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নুর আলম সিদ্দিক (হাতপাখা), বাসদের মো. আব্দুল হাকিম (মই) এবং স্বতন্ত্র প্রার্থী মো. শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ (ঘোড়া)।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৭ হাজার ৬৯৩ জন। যার মধ্যে নারী ভোটারের সংখ্যা (২,৭৯,৬২৭) পুরুষের তুলনায় কিছুটা বেশি। ৩টি পৌরসভা ও ২৩টি ইউনিয়নের ১৯৯টি কেন্দ্রে আগামী নির্বাচনে নির্ধারিত হবে এই হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য। সাধারণ ভোটাররা মনে করছেন, শেষ মুহূর্তের লড়াই হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।