সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিরামপুরে ডা. জাহিদ হোসেনের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৮, ২০২৬, ১০:২৭ পিএম

বিরামপুরে ডা. জাহিদ হোসেনের গণসংযোগ

ছবি-দিনাজপুর টিভি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, সাধারণ মানুষের মাঝে যে অভূতপূর্ব উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে, তাতে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ বিপুল জনসমর্থন নিয়ে দেশসেবার সুযোগ পাবে।বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

গণসংযোগকালে ডা. জাহিদ স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সাধারণ মানুষের বিভিন্ন অভাব-অভিযোগ ও সমস্যার কথা শোনেন। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, "দেশের মানুষ এখন পরিবর্তন চায়। 

তারা একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও উন্নয়নমূলক বাংলাদেশ দেখতে চায়। ধানের শীষ আজ সেই প্রত্যাশারই প্রতীকে পরিণত হয়েছে।"তিনি বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট এলাকার দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান। 

ডা. জাহিদ প্রতিশ্রুতি দেন যে, নির্বাচিত হলে এলাকার অবকাঠামো উন্নয়ন, মানসম্মত শিক্ষা, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, মানুষের এই স্বতঃস্ফূর্ত সাড়া প্রমাণ করে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত। এই বিজয় হবে উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের বিজয়।

প্রচারণাকালে বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ডা. জাহিদ কাটলা ইউনিয়নের পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।