ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৮:০১ পিএম
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, কে জাহিদের ভাই বা বোন সেটি বিবেচনায় নেওয়ার সুযোগ নেই। প্রশাসনকে একদম অন্ধভাবে আইনের নিজস্ব গতিতে এগিয়ে যেতে হবে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তাদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবাবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের উন্নয়ন কার্যক্রম এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মন্ত্রী ডা. জাহিদ হোসেন স্পষ্ট করে বলেন, কোনো আত্মীয়তা বা ব্যক্তিগত সম্পর্কের খাতিরে আইনের ব্যত্যয় ঘটানো যাবে না। সরকারি কর্মকর্তাদের নির্ভয়ে এবং নিরপেক্ষভাবে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করার নির্দেশ দেন তিনি।
সভার মূল উদ্দেশ্য ছিল উপজেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় বৃদ্ধি করা। এ সময় তিনি উপজেলার অবকাঠামো নির্মাণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতের কার্যক্রমের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।মতবিনিময় সভায় কৃষি সহায়তা, প্রাণিসম্পদ উন্নয়ন এবং ভূমি সেবার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, প্রতিটি সেবামূলক কাজ যেন সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত পৌঁছায় এবং সেখানে যেন কোনো অনিয়ম না হয়।
সভায় জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সুধীজনরা মনে করেন, মন্ত্রীর এমন সরাসরি ও খোলামেলা বার্তা স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং জবাবদিহিতা বৃদ্ধি করবে।উপজেলা প্রশাসনের এই উদ্যোগ কর্মকর্তাদের মধ্যে দায়িত্ববোধ বৃদ্ধির পাশাপাশি জনগণের সঙ্গে প্রশাসনের সম্পর্ক আরও মজবুত করবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
মন্ত্রী তাঁর বক্তব্যে এলাকার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি দেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে চলমান প্রকল্পগুলো সম্পন্ন করার তাগিদ দেন। যথাযথ সমন্বয়ের মাধ্যমে নবাবগঞ্জকে একটি আধুনিক ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সবশেষে তিনি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা প্রদান করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন