আজহারুল আজাদ জুয়েল
জানুয়ারি ৪, ২০২৬, ০৮:৪১ পিএম
ছবি-দিনাজপুর টিভি
১৯৭২ সালের ৬ই জানুয়ারি দিনাজপুরের মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মুক্তিযোদ্ধাদের ট্রানজিট ক্যাম্পে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণ ও অর্ধশত মুক্তিযোদ্ধার শাহাদাত বরণের স্মৃতি স্মরণে আগামী সোমবার (৬ জানুয়ারি) দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে ‘৬ই জানুয়ারি স্মৃতি পরিষদ, দিনাজপুর’ এই কর্মসূচির কথা জানায়।
গৃহীত কর্মসূচিসমূহ:
সকাল ৯:৩০ মি.: দিনাজপুর প্রেসক্লাব হতে মুক্তিযোদ্ধাদের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পণের উদ্দেশ্যে যাত্রা।
সকাল ১০:০০ মি.: চেলহগাজী মাজার প্রাঙ্গণে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ।
সকাল ১০:৩০ মি.: মহারাজা স্কুল প্রাঙ্গণে নির্মিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও সংক্ষিপ্ত আলোচনা সভা।
বাদ জোহর: মহারাজা স্কুল প্রাঙ্গণ মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া।
৬ই জানুয়ারি স্মৃতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফিকুল হক ছুটু ও সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দিন বাচ্চু এক বিবৃতিতে সকল মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও সচেতন দিনাজপুরবাসীকে এই শোকাবহ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, ১৯৭২ সালের এই দিনে দেশ স্বাধীন হওয়ার পর অস্ত্র জমা দেওয়ার উদ্দেশ্যে মহারাজা স্কুলে অবস্থানরত মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে লুকানো মাইন ও গোলাবারুদের ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যাতে প্রাণ হারান অনেক সূর্যসন্তান।