মো: মামুনুর রশিদ
জানুয়ারি ৭, ২০২৬, ১০:৪২ পিএম
ছবি-দিনাজপুর টিভি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দিনাজপুরে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার ৭ জানুয়ারি বিকেলে দিনাজপুর জেলা তাঁতীদলের উদ্যোগে শহরের ইকবাল হাই স্কুল মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।
শীতবস্ত্র বিতরণের আগে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অসামান্য অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
পরে তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একই সাথে রংপুর জেলা তাঁতী দলের সভাপতি এলাহী ফজলে ডিউকের পুত্রের দ্রুত সুস্থতা কামনা করেও দোয়া করা হয়।
জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও জেলা সভাপতি মো. রেজাউল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মো. হাসিনুর রহমান হাসু খান যুগ্ম সম্পাদক মো. একে এম ফারহান কাজল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন এবং প্রচার সম্পাদক আবুল হোসেন খোকন উপস্থিত ছিলেন।
এছাড়াও পৌর ও কোতোয়ালী তাঁতীদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী এই মানবিক কর্মসূচিতে অংশ নেন। আলোচনা শেষে এলাকার শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।