বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে প্রবীণ শীতার্তদের মাঝে এনসিসি ব্যাংকের কম্বল বিতরণ

মো: মামুনুর রশিদ

জানুয়ারি ১১, ২০২৬, ০২:২৫ পিএম

দিনাজপুরে প্রবীণ শীতার্তদের মাঝে এনসিসি ব্যাংকের কম্বল বিতরণ

ছবি-দিনাজপুর টিভি

মানুষ মানুষের জন্য এবং ক্ষুধামুক্ত পৃথিবীর জন্য খাদ্য অপচয় রোধ করুন—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে প্রবীণ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে এনসিসি ব্যাংক। রোববার (১১ জানুয়ারি) এনসিসি ব্যাংক দিনাজপুর শাখার উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।

এনসিসি ব্যাংক দিনাজপুর শাখার ব্যবস্থাপক মো. নাজির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা থেকে আগত ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. জাকির এনাম।

প্রধান অতিথির বক্তব্যে মো. জাকির এনাম বলেন, দিনাজপুরসহ উত্তরাঞ্চলে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই অবস্থায় হতদরিদ্র ও প্রবীণ মানুষদের স্বাভাবিক জীবনে ছন্দপতন ঘটেছে। এনসিসি ব্যাংক প্রতিবারের মতো এবারও সামাজিক দায়বদ্ধতা থেকে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে। আমরা চাই সমাজের বিত্তশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোও এই মানবিক সংকটে এগিয়ে আসুক।

সভাপতির বক্তব্যে শাখা ব্যবস্থাপক মো. নাজির হোসেন বলেন, শীতার্ত বিশাল জনগোষ্ঠীকে পেছনে ফেলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তীব্র শীতের এই দুর্ভোগ লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে।

ব্যাংক কর্মকর্তা মো. রাশেকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।