রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মেয়ে হত্যার বিচারের দাবিতে পিতার সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১১, ২০২৬, ১০:০২ পিএম

মেয়ে হত্যার বিচারের দাবিতে পিতার সংবাদ সম্মেলন

ছবি-দিনাজপুর টিভি

যৌতুক ও পরকীয়ার কারণে শারীরিক নির্যাতন করে মেয়েকে হত্যার প্রতিবাদে ও প্রকৃত বিচার নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক অসহায় পিতা। শনিবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন সদর উপজেলার শশরা ইউনিয়নের বৈরাগী দিঘী গ্রামের আব্দুস সাত্তার।

লিখিত বক্তব্যে আব্দুস সাত্তার বলেন, ২০২৪ সালের ৮ মার্চ পার্বতীপুর উপজেলার দন্ডপানি গ্রামের আব্দুস শুকুর সিফাতের সঙ্গে তাঁর মেয়ে সালমা জাহান বৃষ্টির বিয়ে হয়।

বিয়ের পর চাকুরির সুবাদে তারা যশোর শহরে ভাড়া বাসায় বসবাস করতেন। বিয়ের এক বছরের মাথায় একটি কন্যা সন্তান জন্ম নেওয়ার পর থেকেই বৃষ্টির ওপর শুরু হয় যৌতুকের দাবিতে অমানুষিক নির্যাতন। এর মধ্যেই সিফাত পরকীয়ায় জড়িয়ে পড়ে।

তিনি অভিযোগ করেন, নির্যাতনের শিকার হয়ে বৃষ্টি বাবার বাড়িতে চলে এলেও গত বছরের ২৬ অক্টোবর জোর করে তাকে যশোরে স্বামীর বাসায় পাঠানো হয়। এর মাত্র তিন দিন পর ২৯ অক্টোবর পরিবারকে জানানো হয় বৃষ্টি ‘স্ট্রোক’ করে মারা গেছেন। যশোরে গিয়ে মেয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখেন তারা। আব্দুস সাত্তারের দাবি, তাঁর মেয়ের কোনো রোগ ছিল না। প্রভাবশালী মহলের চাপে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে আসতে বাধ্য হন তারা।

পরবর্তীতে জানা যায়, ঘটনার দিন রাতে সিফাত রহস্যজনকভাবে বাসায় এসে আবার দ্রুত চলে যান।সংবাদ সম্মেলনে বৃষ্টি হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন, অভিযুক্ত সিফাতকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এ সময় আব্দুল মালেকসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা অভিযোগ করেন, মামলা করতে গেলে তাদের বিভিন্নভাবে বাধা ও হুমকি প্রদান করা হচ্ছে।