মো: মামুনুর রশিদ
জানুয়ারি ১৬, ২০২৬, ১২:৪৫ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরে `শান্তি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধা- একসাথে বসবাসের ভিত্তি` এই প্রতিপাদ্য নিয়ে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বিষয়ক আন্তঃধর্মীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের উদ্যোগে সংস্থার নিজস্ব প্রশিক্ষণ কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।
কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক মি. দাউদ জীবন দাশ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল, দিনাজপুর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরনবী, দিনাজপুর ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার কেরোবিম বাকলা, কারিতাস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক রবি মার্ডি এবং সিএমএফপি পরিচালক মো. কামাল উদ্দীন।
কর্মশালায় বিভিন্ন ধর্মের আলোকে শান্তির মূলসুর উপস্থাপন করেন বিশেষজ্ঞরা। ইসলাম ধর্মের আলোকে আলোচনা করেন ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক কৃষিবিদ মো. মাহমুদার রহমান। সনাতন ধর্মের পক্ষে রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দজী মহারাজ এবং খ্রিস্টীয় ধর্মের আলোকে ফাদার আন্তনী সেন বক্তব্য রাখেন। এছাড়া শান্তি ও পারস্পরিক শ্রদ্ধার বিষয়ে আলোকপাত করেন নিউ কমিউনিটি রিকোভারি চার্চের কান্ট্রি ডিরেক্টর অনন্ত চাকমা।
বক্তারা বলেন, একটি সমৃদ্ধ রাষ্ট্র ও সমাজ গঠনে সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং সহনশীলতা বজায় রাখা অপরিহার্য। ধর্মীয় সম্প্রীতিই বাংলাদেশের মূল শক্তি।কর্মশালাটি সঞ্চালনা করেন কারিতাসের কর্মসূচি কর্মকর্তা সুবাস কুজুর এবং ট্রেনিং ইনচার্জ সিলভিয়া রোজারিও। অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের প্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।