সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে তথ্য অধিকার ও জলাতঙ্ক প্রতিরোধে আলোচনা সভা

মো: মামুনুর রশিদ

সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০৬:৩৯ পিএম

দিনাজপুরে তথ্য অধিকার ও জলাতঙ্ক প্রতিরোধে আলোচনা সভা

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ও বিশ্ব জলাতঙ্ক প্রতিরোধ দিবস পালন করা হয়েছে। সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের কাঞ্চন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি-টিআইবির যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম। তিনি বলেন, দেশের যেকোনো নাগরিক প্রয়োজনীয় তথ্য যেকোনো সরকারি দপ্তর থেকে সরকারি নিয়ম-নীতির মধ্যে পেতে পারেন। এজন্য সংশ্লিষ্ট দপ্তরে নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে এবং তা অনুসরণ করলেই নির্ধারিত সময়ের মধ্যে তথ্য পাওয়া সম্ভব।

একই সঙ্গে দুটি দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি শিশু-কিশোরসহ সর্বসাধারণকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, বন্যপ্রাণী সংরক্ষণে দেশে সুনির্দিষ্ট আইন রয়েছে এবং আইন অনুযায়ী অহেতুক কুকুর কিংবা বিড়ালকে নির্যাতন করা যাবে না। অভিভাবকহীন কুকুর ও বিড়াল খাবারের অভাবে অনেক সময় হোটেলের সামনে বসে থাকে, কিন্তু খাবার না দিয়ে তাদের ওপর নির্যাতন চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সার্জন ডা. আশিকা আকবর তৃষ্ণা জানান, দিনাজপুর শহরে বর্তমানে ৪টি স্বেচ্ছাসেবী সংগঠন বেওয়ারিশ কুকুর ও বিড়ালদের খাবারের দায়িত্ব নিয়ে নিয়মিত খাদ্য বিতরণ করছে। এর ফলে সম্প্রতি শহরে কুকুর ও বিড়ালের উপদ্রব অনেকটাই হ্রাস পেয়েছে।

দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সিরাজুল ইসলাম বলেন, মানুষ অযথা আঘাত বা হুমকি সৃষ্টি না করলে কুকুর-বিড়াল কখনো আক্রমণ করতে আসে না। তাই এদের দেখা মাত্রই মারধর না করে সহনশীল আচরণ করতে হবে। তিনি জানান, শুধু দিনাজপুর জেলাতেই কুকুর ও বিড়ালের কামড়ে আহত রোগীদের চিকিৎসার জন্য প্রতি বছর প্রায় এক কোটি টাকার ভ্যাকসিন বা টিকার প্রয়োজন হয়। সাধারণ মানুষের সচেতনতা বাড়লে এই ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ও আর্থিক ক্ষতি থেকে সুরক্ষা পাওয়া সম্ভব।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, দেশে বন্যপ্রাণী সংরক্ষণে কঠোর আইনি কাঠামো রয়েছে। চাইলেই কেউ কোনো প্রাণীকে আঘাত করতে পারে না। এ ধরনের অপরাধে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে। তথ্য অধিকার বিষয়ে তিনি জানান, যেকোনো সংবাদকর্মী বা সাধারণ নাগরিক যেকোনো সরকারি বা আধা-সরকারি দপ্তরে আইনানুগভাবে তথ্যের আবেদন করলে তাকে তথ্য সরবরাহ করা হবে। দিনাজপুরে তথ্য সরবরাহের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান, ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুজ্জামান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. তৌহিদুল ইসলাম, সনাকের সভাপতি অধ্যাপক আব্দুল জলিল আহমেদ এবং টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর আবুল হান্নান আজাদ।