রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে বেগম জিয়ার মাগফেরাত কামনায় জিয়া মঞ্চের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৭, ২০২৬, ১১:১৯ পিএম

দিনাজপুরে বেগম জিয়ার মাগফেরাত কামনায় জিয়া মঞ্চের দোয়া মাহফিল

ছবি-দিনাজপুর টিভি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দিনাজপুরে পৃথক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও দিনাজপুর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় দিনাজপুর পৌর শহরের বালুবাড়ি বিশ্বরোড সংলগ্ন মির্জা মার্কেট চত্বরে জিয়া মঞ্চ জেলা ও পৌর শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক নওশাদ আলম পাপ্পুর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী খাজার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, কৃষক দল নেতা রফিকুল ইসলাম পাভেলসহ জেলা ও পৌর জিয়া মঞ্চের নেতৃবৃন্দ।

অন্যদিকে, শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের চকমধু কাগজিয়াপাড়ায় সাবেক প্রধানমন্ত্রীর আত্মার শান্তি কামনায় আরেকটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা কৃষক দলের সহ-সভাপতি আলহাজ্ব দুলাল হোসেনের আয়োজনে এবং ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম ডাল্টনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আহমেদ ও প্রচার সম্পাদক আকতার।

দোয়া মাহফিলগুলোতে বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশ গঠনে তার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। অনুষ্ঠান শেষে হাফেজ জিলফিকার আলীসহ ওলামায়ে কেরামগণ বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।