সেপ্টেম্বর ১৯, ২০২৬, ০৪:১৯ পিএম
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেওয়া ধানের শীষ প্রতীকের মর্যাদা রক্ষা করতে জীবনের বাকি সময়টুকু দিনাজপুরের মানুষের সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন দিনাজপুর-৩ সদর আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। ১৮ সেপ্টেম্বর শুক্রবার রাত আটটায় শহরের নিমনগর বালুবাড়ীস্থ গ্রিনভিউ কমিউনিটি অ্যান্ড কনভেনশন সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে সিনিয়র ও জুনিয়রদের সমন্বয়ে পরামর্শ কমিটি গঠনের আহ্বান জানান তিনি। বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম স্মরণ করেন, পৌরবাসী অতীতে তাকে ভালোবেসে বিপুল ভোটে টানা তিনবার দিনাজপুর পৌরসভার মেয়র নির্বাচিত করেছিলেন এবং এবারও জাতীয় সংসদে নিজেদের প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছেন। জনগণের এই অকৃত্রিম আস্থা ও ভালোবাসার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তিন মেয়াদে দায়িত্ব পালনের সময় বিভিন্ন সীমাবদ্ধতার কারণে পৌরসভার যে কাঙ্ক্ষিত রূপান্তর দরকার ছিল, তা পুরোপুরি সম্পন্ন করা যায়নি। সেই বিগত দিনের অপূর্ণতা কাটিয়ে উঠতে এবার সংসদ সদস্য হিসেবে আরও বেশি আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে চান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দিনাজপুরবাসীর প্রতিটি যৌক্তিক প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় জানান এই সংসদ সদস্য। তিনি স্পষ্ট করেন যে ব্যক্তি বা দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের কার্যকর পরামর্শ ও প্রত্যক্ষ সহযোগিতা নিয়েই তিনি একটি সমৃদ্ধ ও আধুনিক দিনাজপুর গড়ে তুলতে চান।
সাবেক ব্যাংক কর্মকর্তা কাজী মো. আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি মো. আখতারুজ্জামান জুয়েল ও হাসানুজ্জামান উজ্জল, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সাবেক ছাত্রনেতা ও দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. রাহবার কবির পিয়াল, মোস্তফা কামাল মিলন, সমাজসেবক হাফিজুল কাদের লাবু, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল কবির, গোলাম রসুল রকেট, স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল আলী চৌধুরী লিমন, জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি মো. শোয়াইব এবং সাবেক পৌর কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা ও মো. বিপ্লব।
সাবেক ছাত্রনেতা মো. রফিকুল ইসলাম পাভেলের সঞ্চালনায় আলোচনায় আরও অংশ নেন মোমিনুল ইসলাম মোমিন, তৌহিদুল ইসলাম তৌহিদ, মো. রায়হান সরকার মিন্টু ও মো. মাহবুব আলম সেরে। সভার সমাপ্তি পর্বে বীর উত্তম শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান স্মৃতি সংসদের পক্ষ থেকে প্রধান অতিথি সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংগঠনের সভাপতি মমতাজুর রহমান বাবলু।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন