জানুয়ারি ১৮, ২০২৬, ০৮:৩৪ পিএম
দিনাজপুর-৩ (সদর) আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মাইনুল আলম বলেছেন, “এই শহরেই আমি বড় হয়েছি, তাই এখানকার মানুষের দুঃখ-দুর্দশা ও নাগরিক সমস্যাগুলো আমার নখদর্পণে। সাংবাদিকদের সহযোগিতা নিয়ে আমি দিনাজপুরকে একটি আধুনিক ও আদর্শ নগরী হিসেবে গড়ে তুলতে চাই।
রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মতবিনিময়কালে তিনি নাগরিক সেবায় নিজেকে উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি ডক্টর মুহাদ্দিস এনামুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান, শহর আমীর সিরাজুস সালেহীন ও সদর উপজেলা আমীর অধ্যাপক মেহেরাব আলী প্রমুখ।
সাংবাদিকদের পক্ষে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকশী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি অধ্যাপক সাদাকাত আলী খানসহ জ্যেষ্ঠ সংবাদকর্মীরা। মতবিনিময় সভায় মাইনুল আলম আগামী সংসদ নির্বাচনে তার লক্ষ্য ও আদর্শ শহর গড়ার রূপরেখা তুলে ধরেন এবং গণমাধ্যমকর্মীদের ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন