জানুয়ারি ১৯, ২০২৬, ১১:৩৬ পিএম
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হালুয়াঘাট আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের বিরুদ্ধে প্রতিষ্ঠানকে ‘পরিবারতন্ত্র’ বানানোর অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের স্ত্রী, শ্যালিকা, ভাই ও ভাতিজাসহ পরিবারের ৮ জন কর্মরত থাকার পাশাপাশি বৈধ এক শিক্ষককে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) আব্দুল মোত্তালেব।সংবাদ সম্মেলনে আব্দুল মোত্তালেব জানান, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন তাঁর বন্ধু সভাপতি থাকাকালীন প্রভাব খাটিয়ে নিজের স্ত্রী, শ্যালিকা, ভাই ও ভাতিজাকে নিয়োগ দেন।
এমনকি সভাপতির স্ত্রী, শ্যালিকা ও ভাগিনাও একই স্কুলে চাকরি পেয়েছেন। বর্তমানে তারা সিন্ডিকেট তৈরি করে আব্দুল মোত্তালেবকে বিদ্যালয়ে যেতে বাধা দিচ্ছেন এবং তাঁর এমপিওভুক্তিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন।
তিনি আরও অভিযোগ করেন, দিনাজপুর শিক্ষা বোর্ডের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও প্রধান শিক্ষক অবৈধ অর্থ আদায়ের জন্য তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন এবং প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ করছেন। ভুক্তভোগী শিক্ষক এই অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন