রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শ্রমিকদের অধিকার ছাড়া সমৃদ্ধ রাষ্ট্র সম্ভব নয়: অ্যাডভোকেট মাইনুল আলম

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২০, ২০২৬, ০৯:১৯ পিএম

শ্রমিকদের অধিকার ছাড়া সমৃদ্ধ রাষ্ট্র সম্ভব নয়: অ্যাডভোকেট মাইনুল আলম

ছবি-দিনাজপুর টিভি

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম বলেছেন, "শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং তাদের জীবনমান উন্নয়ন ছাড়া একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা সম্ভব নয়।"

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় দিনাজপুর শহর জামায়াত কার্যালয় মিলনায়তনে সদর উপজেলার বিভিন্ন শ্রমিক ইউনিয়ন ও সমিতি কমিটির সদস্যদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর শহর শাখা আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আমীর অধ্যক্ষ আনিসুর রহমান। 

তিনি তার বক্তব্যে বলেন, ইসলামের বিধান অনুযায়ী শ্রমিকের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক নিশ্চিত করতে হবে। জামায়াতে ইসলামী একটি ইনসাফভিত্তিক সমাজ কায়েমের মাধ্যমে শ্রমিক-মালিক সুসম্পর্ক ও শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছে।প্রধান বক্তার বক্তব্যে অ্যাডভোকেট মাইনুল আলম আগামী নির্বাচনে সদর আসনের সার্বিক উন্নয়নে এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে শ্রমিক সমাজের আন্তরিক সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. রাশেদুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর শহর জামায়াতের আমীর মাওলানা সিরাজুস সালেহীন ও সেক্রেটারি মো. কামরুল হাসান রাসেল। এছাড়াও বক্তব্য রাখেন সংবাদপত্র শ্রমিক ফেডারেশন দিনাজপুরের সভাপতি মো. বজলুর রশিদসহ বিভিন্ন পেশাজীবী শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিগণ। সভায় শ্রমিকদের বর্তমান সমস্যা ও তা নিরসনে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।