সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর জমকালো উদ্বোধন

মোঃ আব্দুর রাজ্জাক

জানুয়ারি ২২, ২০২৬, ০৫:২২ পিএম

দিনাজপুরে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর জমকালো উদ্বোধন

ছবি-দিনাজপুর টিভি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এবং কাদের বকস্ মেমোরিয়াল কলেজের সহযোগিতায় দিনাজপুরে জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে কাদের বকস্ মেমোরিয়াল কলেজ মাঠে বেলুন উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুরের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নূরুল ইসলাম।

কাদের বকস্ মেমোরিয়াল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরদার কুদরত-ই-খুদা, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান এবং বীরগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. দলিলুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মাসুদ রানা, সহকারী কলেজ পরিদর্শক মো. ইলিয়াস হোসেন ও মো. মজিবুর রহমান।

 সহকারী রেজিস্ট্রার মো. আকরাম হোসেন, মো. রফিকুল ইসলাম, মো. আশরাফুল আলম এবং ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ফসিয়ার রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাদের বকস্ মেমোরিয়াল কলেজের ক্রীড়া শিক্ষক জায়েদী পারভেজ অপূর্ব।এবারের প্রতিযোগিতায় ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, হ্যান্ডবল, দাবা, অ্যাথলেটিক্স, ক্যারাম ও সাঁতারসহ মোট ২২টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় জেলার ৮টি কলেজ অংশগ্রহণ করছে। 

কলেজগুলো হলো— দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর সরকারি মহিলা কলেজ, কাদের বকস্ মেমোরিয়াল কলেজ, আদর্শ মহাবিদ্যালয়, বিরল সরকারি কলেজ, বীরগঞ্জ সরকারি কলেজ, আফতাবগঞ্জ সরকারি কলেজ এবং ফুলবাড়ী সরকারি কলেজ।উদ্বোধনী দিনের ফুটবল খেলায় কাদের বকস্ মেমোরিয়াল কলেজ ও বিরল সরকারি কলেজ পরস্পরের মোকাবেলা করে। উদ্বোধনী খেলাটি পরিচালনা করেন রেফারি মো. সোহেল রানা। তাকে সহায়তা করেন সহকারী রেফারি মো. মাজেদুর রহমান ও আবু বক্কর সিদ্দিক এবং চতুর্থ রেফারি আপেল মাহমুদ।