মো. লিটন হোসেন আকাশ
জানুয়ারি ২৫, ২০২৬, ১১:৩৬ এএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুর নবী বলেছেন, “সন্তানদের শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাব—এই স্বপ্ন দেখবেন না, বরং বলবেন আমার সন্তানকে আগে ‘ভালো মানুষ’ বানাব। ভালো মানুষ হলে সে দেশ ও জাতির সম্পদ হবে।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে শহরের কসবা এলাকায় লিটিল গার্ডেন কোচিং সেন্টারের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেন্ট ফিলিপস হাইস্কুল এন্ড কলেজের সামনে অবস্থিত প্রতিষ্ঠানটিতে বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য এই সংবর্ধনার আয়োজন করা হয়।
অভিভাবকদের উদ্দেশে ওসি নুর নবী বলেন, “সন্তানদের যেমন ‘পড় পড়’ বলে চাপ দেন, তেমনি তাদের ‘খেলাধুলা কর’—কথাটাও বারবার বলবেন। মোবাইলের অপব্যবহার থেকে তাদের দূরে রাখবেন।
পাঠ্যপুস্তকের পাশাপাশি তাদের সাংসারিক কাজকর্ম, রান্না-বান্না এবং দাদা-দাদি ও আত্মীয়-স্বজনদের সেবা করা শেখাবেন। ধর্মীয় অনুশাসনে বড় করলে তারা বিপথে যাবে না।লিটিল গার্ডেন কোচিং সেন্টারের পরিচালক মো. তৈমুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেন্ট ফিলিপস হাইস্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মাওলানা আবেদ আলী।
অনুষ্ঠানে নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষায় প্রথম থেকে পঞ্চম স্থান অর্জনকারী ১১২ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া এক আবেগঘন পরিবেশে কৃতি শিক্ষার্থীরা তাদের বাবা-মা ও দাদা-দাদিদের গলায় মেডেল পরিয়ে দেয়।এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।