রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে আদর্শ মহাবিদ্যালয়ে বর্ণাঢ্য ‍‍`পিঠা উৎসব অনুষ্ঠিত

মো: মামুনুর রশিদ

জানুয়ারি ২৫, ২০২৬, ০৬:১৯ পিএম

দিনাজপুরে আদর্শ মহাবিদ্যালয়ে বর্ণাঢ্য ‍‍`পিঠা উৎসব অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

যান্ত্রিকতার ভিড়ে হারিয়ে যাওয়া গ্রাম-বাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে দিনাজপুরের আদর্শ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ‘পিঠা উৎসব’। রবিবার (২৫ জানুয়ারি) কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এই আয়োজনে ১৬টি স্টলে হরেক রকমের পিঠার পসরা সাজিয়ে বসেন শিক্ষার্থীরা।

উৎসবে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিএম শাখার বিভিন্ন বিভাগের (পদার্থবিজ্ঞান, উদ্ভিদবিদ্যা, রসায়ন, প্রাণিবিদ্যা, ব্যবস্থাপনা, মার্কেটিং, হিসাববিজ্ঞান, বাংলা, দর্শন, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম ও ইসলামের ইতিহাস) উচ্চমাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন।

সকাল থেকেই কলেজ মাঠ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। স্টলগুলোতে শোভা পাচ্ছিল ভাপা, নুনিয়া, পুলি, চিতই, পাটিসাপটা, নকশা পিঠাসহ বিভিন্ন প্রজাতির কেক ও ঐতিহ্যবাহী সব পিঠা। শিক্ষক-শিক্ষার্থী ও দর্শনার্থীরা স্টল ঘুরে দেখার পাশাপাশি পিঠার স্বাদ আস্বাদনে মেতে ওঠেন।

উৎসবের আহ্বায়ক প্রভাষক ড. জুলাইখা গুলশান আরার তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা আখতার বানু।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরনবী এবং অত্র মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট আবুল আলা মো. মাহবুবুর রহমান ভুট্টু।

পিঠা উৎসবে বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক মো. মেহরাব আলী, রুপা রানী দাস, মো. আনোয়ারুল ইসলাম, আশরাফ আলী, হানিফুর রহমান, রিজওয়ানা নাহার, আরজিনা খাতুন, আহসান হাবিব, কামরুন নাহার হানিফ, সাজ্জাদুল ইসলাম, জুয়েল রহমান ও মহাদেব শর্মা।বিকেলে প্রভাষক সুলতানা রাজিয়া পলি ও হারুনুর রশিদ হারুনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।