বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজে বর্ণিল পিঠা উৎসব

মো: মামুনুর রশিদ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৮:০৬ পিএম

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজে বর্ণিল পিঠা উৎসব

পিঠা উৎসবে আমন্ত্রিত অতিথিরা। ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান দিনাজপুর কেয়ার নার্সিং কলেজে গ্রাম বাংলার আবহ ও ঐতিহ্যকে ধারণ করে জাঁকজমকপূর্ণ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে কলেজ প্রাঙ্গণে বর্ণিল সাজে এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও কেয়ার নার্সিং কলেজের গভর্নিং বডির সদস্য এ কে এম আজাদ।

কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন ছাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু ও ডা. মো. জিয়াউল হক। 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, কলেজের উপাধ্যক্ষ মোস্তফা বেগম এবং সচিব মো. শাহজাহান আলী। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন যে পিঠা উৎসব কেবল মুখরোচক খাবারের আয়োজন নয় বরং এটি আমাদের শেকড় ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মের মেলবন্ধন তৈরির একটি শক্তিশালী মাধ্যম। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধির পাশাপাশি তাদের মধ্যে দেশীয় সংস্কৃতির প্রতি মমত্ববোধ জাগ্রত করে এবং শিক্ষা জীবনকে আনন্দময় করে তোলে।

উৎসবে শিক্ষার্থীরা মোট ১১টি সুসজ্জিত স্টলের মাধ্যমে দেশীয় পিঠার পসরা সাজিয়ে বসেন। এর মধ্যে ভাপা, নারিকেল দুধ-পুলি, নারিকেল পুলি, পাটিসাপটা, আনারকলি, নুনিয়া এবং চিতই পিঠার পাশাপাশি বিভিন্ন ধরনের আধুনিক ও ঐতিহ্যবাহী খাবারের সমাহার ছিল লক্ষ্যণীয়। পুরো কলেজ প্রাঙ্গণকে গ্রামীণ আমেজে সাজানো হয়েছিল যা এক টুকরো গ্রাম বাংলার প্রতিচ্ছবি হিসেবে ফুটে ওঠে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস জুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।