মো আরিফ ইসলাম
জানুয়ারি ২৮, ২০২৬, ০৬:২১ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় নির্বাচনী প্রচারণা জোরদার করতে ১০নং মোহনপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার মোহনপুর ইউনিয়নের চৌধুরী হাট উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
মোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফেরদৌস হোসেন মন্ডলের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব মো. মনজুরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মনজুরুল ইসলাম দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, "গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। উন্নয়ন ও শান্তির রাজনীতির পক্ষে থাকার জন্য আমি বীরগঞ্জ-কাহারোলের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানাই।" তিনি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার অনুরোধ করেন।
জনসভায় ইউনিয়ন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বীরগঞ্জ এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই বলে উল্লেখ করেন।