সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

মো:মামুনুর রশিদ

জানুয়ারি ৩১, ২০২৬, ০২:১৬ পিএম

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে শিশু সুরক্ষা ও দক্ষতা বৃদ্ধিমূলক দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) শহরের বালুবাড়ি পল্লীশ্রী মিলনায়তনে ‘দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’ এই প্রশিক্ষণের আয়োজন করে।দিনাজপুর এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুর নবী।

দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে শিশু নেতৃত্ব, শিশু সুরক্ষা, শিশু অধিকার, অ্যাডভোকেসি “ফাইভ জিরো প্লাস” সহ বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম এবং শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার ভিক্টোরিয়া বিশ্বাস এবং স্পনসরশিপ ও চাইল্ড প্রোটেকশন অফিসার পেট্রিক রুরাম।

এর আগে প্রশিক্ষণের উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার মোঃ রওনাকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মাহাফুজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মোঃ নুর নবী বলেন, “শুধু আইন দিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব নয়, এর জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি। বাল্যবিবাহের কুফল সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে।” তিনি আরও জানান, শিশু অধিকার সনদে ৫টি গুচ্ছের অধীনে ৫৪টি অনুচ্ছেদ রয়েছে এবং এই প্রশিক্ষণে সেই মূল নীতিগুলোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।উক্ত প্রশিক্ষণে ১৫ জন যুব প্রতিনিধি এবং ১৫ জন শিশু ফোরামের প্রতিনিধি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।