রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সরকারি বৈদ্যুতিক তার ও দেশীয় অস্ত্রসহ পার্বতীপুরে ৪ চোর গ্রেফতার

মোঃ মহসিন আলী

ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১২:২৯ পিএম

সরকারি বৈদ্যুতিক তার ও দেশীয় অস্ত্রসহ পার্বতীপুরে ৪ চোর গ্রেফতার

দিনাজপুরের পার্বতীপুরে সরকারি বৈদ্যুতিক তার চুরি ও অবৈধ মালামাল মজুতের বিরুদ্ধে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ সরকারি বৈদ্যুতিক তার, চোরাই মোটর, গ্যাস সিলিন্ডার, ফ্যান ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পার্বতীপুর পৌর শহরের ঢাকা মোড় এবং পুরাতন বাজারসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন—১নং বেলাইচণ্ডী এলাকা থেকে হাতেনাতে আটক সাদেকুল ইসলাম সাদেক (২৪), ঢাকার সাভার এলাকার রুপচানের ছেলে সিয়াম (১৯) ও স্ত্রী মোছাঃ আছিয়া বেগম এবং দিনাজপুরের ভাস্করপট্টি এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে মোঃ সুমন মিয়া (৩৫)।

অভিযান সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে ১নং বেলাইচণ্ডী এলাকায় সরকারি বৈদ্যুতিক তার কাটার সময় সাদেকুল ইসলামকে হাতেনাতে আটক করে যৌথ বাহিনী। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা মোড় ও পুরাতন বাজারে অভিযান চালিয়ে সিয়াম ও আছিয়া বেগমের ভাড়াবাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি তার উদ্ধার করা হয়। 

এছাড়া সুমন মিয়ার বাড়ি থেকে চোরাই মোটর, গ্যাস সিলিন্ডার, ফ্যান, ট্রান্সফরমারের তার ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু অভিযানে নেতৃত্ব দেন। 

সার্বিক সহযোগিতায় ছিলেন পার্বতীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক। অভিযানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যরা যৌথভাবে অংশগ্রহণ করেন।উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি সম্পদ চুরি ও অবৈধ ভাঙারি ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।