কাশী কুমার দাস
ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৬:৫৪ পিএম
ছবি-দিনাজপুর টিভি
টাঙ্গাইল হতে সরাসরি পরিচালিত শহীদ ক্যাডেট একাডেমি দিনাজপুর শাখার আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ ফেব্রুয়ারি) প্রতি বছরের ন্যায় উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাসিলাডাঙ্গা কলেজের অধ্যক্ষ শফিউল আলম।
স্বাগত বক্তব্য রাখেন শহীদ ক্যাডেট একাডেমি দিনাজপুর শাখার পরিচালক মো. সাইদুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির পরিচালক মো. নুরুজ্জামান ও আতাউর রহমান। সুবর্ণা মুখার্জীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. রইস উদ্দীন, মো. হযরত আলী ও আফসানা ইমু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "আস্থা, বিশ্বাস ও ভালোবাসার মধ্য দিয়ে শহীদ ক্যাডেট স্কুল সাফল্যের ৪০ বছর পার করেছে। এখানকার শিক্ষার্থীরা দেশ-বিদেশে নিজেদের মেধার স্বাক্ষর রাখছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা মন ও শরীরকে সুস্থ রাখে এবং মেধার বিকাশ ঘটায়। তাই সন্তানদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করা অভিভাবকদের দায়িত্ব।
‘পরিশ্রমই সাফল্যের মূল চাবিকাঠি’—এই স্লোগানকে সামনে রেখে একাডেমিটি প্রতি বছর দিনাজপুর সদর উপজেলার প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও সংবর্ধনা প্রদান করে আসছে। এটি একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ বলে বক্তারা অভিমত প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার এবং কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।