রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় সকলে ধানের শীষে ভোট দিবেন-আখতারুজ্জামান

এনামুল মবিন(সবুজ)

ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০২:৩৯ পিএম

মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় সকলে ধানের শীষে ভোট দিবেন-আখতারুজ্জামান

ছবি-দিনাজপুর টিভি

স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে এবং রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুরের চিরিরবন্দর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ধানের শীষের সমর্থনে আয়োজিত নির্বাচনী শেষ পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আখতারুজ্জামান মিয়া বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের ভাগ্য উন্নয়নে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রবর্তনের ঘোষণা দিয়েছেন। ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে। 

শিক্ষা কমিশন গঠনের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।" তিনি আরও বলেন, ৭১-এর চেতনা ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে সমন্বয় করে বেকার সমস্যা সমাধান এবং ক্রীড়া খাতের উন্নয়নসহ ৩১ দফা বাস্তবায়ন করে দেশকে একটি মডেল বাংলাদেশে রূপান্তরিত করা হবে।

উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মজিবর রহমান শাহর সভাপতিত্বে সভায় বক্তারা ভোটারদের উদ্দেশে বলেন, স্বাধীনতার মর্যাদা রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধানের শীষের বিকল্প নেই। যারা একাত্তরে এবং পরবর্তী সময়ে মানুষের ওপর নির্যাতন ও লুটতরাজ চালিয়েছে, ব্যালটের মাধ্যমে তাদের প্রতিহত করার আহ্বান জানান বক্তারা।

পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুর আলম সরকার দুলু, চিরিরবন্দর প্রেসক্লাবের সভাপতি মো. আকতার হোসেন হামদু, আইনজীবী নেতা এডভোকেট আ ন ম হাবিবুল্লাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রেজাউল করিম রেজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম মমিন, সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার প্রমুখ। এছাড়াও খানসামা ও চিরিরবন্দর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।