রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে ৮৪৪ ভোট কেন্দ্রে ৪৯৯৩টি সিসি ক্যামেরা স্থাপন

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৫:২৯ পিএম

দিনাজপুরে ৮৪৪ ভোট কেন্দ্রে ৪৯৯৩টি সিসি ক্যামেরা স্থাপন

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে দিনাজপুরে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। জেলার ৬টি সংসদীয় আসনের ৮৪৪টি ভোটকেন্দ্রের প্রতিটি এখন প্রযুক্তির চাদরে ঢাকা। জেলা প্রশাসন ও নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোটকেন্দ্রগুলোর প্রবেশপথ ও ভোটগ্রহণ কক্ষে মোট ৪ হাজার ৯৯৩টি সিসি ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে।

দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুর-ই আলম সিদ্দিকী নিশ্চিত করেছেন, এবারই প্রথম এত বড় পরিসরে প্রতিটি বুথে ক্যামেরা বসানো হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে গত কয়েক দিন ধরে চলা এই কর্মযজ্ঞ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শেষ হয়েছে। 

নির্বাহী প্রকৌশলী মো. বেলাল আহমেদ জানান, ক্যামেরাগুলো সচল আছে কি না, তা নিশ্চিত করতে আজ ট্রায়াল রানও দেওয়া হয়েছে।জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন জানান, এই আধুনিক প্রযুক্তির ফলে প্রিজাইডিং অফিসাররা নিজ কক্ষে বসেই পুরো কেন্দ্রের পরিস্থিতি মনিটরিং করতে পারবেন। 

এতে ভোটদানে বাধা বা যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে দুষ্কৃতকারীদের শনাক্ত করা সহজ হবে।প্রযুক্তিগত প্রস্তুতির পাশাপাশি জনবল ও প্রশাসনিক প্রস্তুতিও সম্পন্ন। জেলায় মোট ১৬ হাজার ৬১৪ জন ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ৮৮৭ জন প্রিজাইডিং অফিসার, ৫ হাজার ২৪১ জন সহকারী প্রিজাইডিং এবং ১০ হাজার ৪৮৬ জন পোলিং অফিসার রয়েছেন। 

সবচেয়ে বেশি জনবল নিয়োগ দেওয়া হয়েছে দিনাজপুর-৬ আসনে।আইনশৃঙ্খলা রক্ষায় ৬টি আসনের ১৩টি উপজেলায় ২৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি শেষ, এখন শুধু ভোট শুরুর অপেক্ষা।