বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

দিনাজপুরের ৫ আসনে বিএনপি, একটিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১২:২১ পিএম

দিনাজপুরের ৫ আসনে বিএনপি, একটিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতেই বিশাল ব্যবধানে জয়লাভ করেছে বিএনপি। বাকি একটি আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। শুক্রবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। দিনাজপুরের এই নির্বাচনী লড়াইয়ে মূলত বিএনপি প্রার্থীদের সাথে জামায়াতে ইসলামীর প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা গেছে।

দিনাজপুর-১ বীরগঞ্জ-কাহারোল আসনে ১ লাখ ৭৯ হাজার ৩১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির মো. মনজুরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. মতিউর রহমান পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৮১ ভোট। 

দিনাজপুর-২ বিরল-বোচাগঞ্জ আসনেও ধানের শীষের জয়রথ অব্যাহত ছিল। সেখানে বিএনপির মো. সাদিক রিয়াজ পিনাক ১ লাখ ৪৪ হাজার ৩১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন যেখানে জামায়াতের একেএম আফজালুল আনাম পেয়েছেন ১ লাখ ১ হাজার ৮৩১ ভোট।

সবচেয়ে বেশি আলোচনা ছিল দিনাজপুর-৩ সদর আসন নিয়ে। এখানে বিএনপির সৈয়দ জাহাঙ্গীর আলম ১ লাখ ৪০ হাজার ৬০৮ ভোট পেয়ে জয়ী হন। তার সাথে জামায়াতের মো. মাইনুল আলমের তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় এবং তিনি পান ১ লাখ ৩৬ হাজার ২৩৯ ভোট। অন্যদিকে দিনাজপুর-৪ চিরিরবন্দর-খানসামা আসনে ১ লাখ ৬৬ হাজার ৭১৭ ভোট পেয়ে জয়ী হন বিএনপির আক্তারুজ্জামান মিয়া। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের আফতাবউদ্দীন মোল্লা পান ১ লাখ ২৯ হাজার ৫৬ ভোট।

দিনাজপুর-৫ পার্বতীপুর-ফুলবাড়ী আসনে ঘটেছে বড় ধরনের রাজনৈতিক চমক। এই একটি আসনে বিএনপির প্রার্থী পরাজিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হকের কাছে। তালা মার্কা নিয়ে তিনি পান ১ লাখ ১৪ হাজার ৪৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির আব্দুল আহাদ পেয়েছেন ১ লাখ ১০ হাজার ১৯৫ ভোট। 

এছাড়া দিনাজপুর-৬ বিরামপুর-নবাবগঞ্জ-হাকিমপুর-ঘোড়াঘাট আসনে ২ লাখ ৫ হাজার ১১৮ ভোট পেয়ে বিশাল জয় পেয়েছেন বিএনপির আবু জাফর মো. জাহিদ হোসেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. আনোয়ারুল ইসলাম পান ১ লাখ ৯০ হাজার ৭০৩ ভোট। সামগ্রিকভাবে দিনাজপুরের ৫টি আসন পুনরুদ্ধার করে বিএনপি জেলায় তাদের শক্তিশালী অবস্থান প্রমাণ করল।