মো:মামুনুর রশিদ
ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৪:৫৭ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দেশের সার্বিক কল্যাণ, সুশাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দিনাজপুরের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও খায়ের অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুম্মার নামাজ শেষে জেলার মসজিদগুলোতে এই বিশেষ মোনাজাত করা হয়।
এরই অংশ হিসেবে দিনাজপুর শহরের দক্ষিণ বালুবাড়ী জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন দিনাজপুর সদর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। নামাজ শেষে তিনি স্থানীয় মুসল্লি ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ কচিসহ অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
জুম্মার নামাজ শেষে মসজিদের ইমাম বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়া নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম যেন জনকল্যাণে ও এলাকার উন্নয়নে সফলভাবে কাজ করতে পারেন, সেজন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ জানান, তারেক রহমানের দিকনির্দেশনায় একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে তারা অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্য অর্জনে তারা ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কর্মসূচি অব্যাহত রাখবেন।