সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

বিরলে বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আতিউর রহমান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৮:৪৪ পিএম

বিরলে বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মরহুমের জানাজা ও প্রশাসনিক সভা। ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরল উপজেলার প্রবীণ বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন মাস্টার (৮২) রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, ছয় মেয়েসহ অসংখ্য নাতী-নাতনী ও গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার দুপুর ২টায় উপজেলার ১০ নম্বর রাণীপুকুর ইউনিয়নের আছুটিয়া গ্রামে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধার মরদেহে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় এবং গার্ড অব অনার প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের জানাজা ও দাফন কার্যে উপস্থিত ছিলেন বিরল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, বিরল থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার তালিমুল বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ (অব.) মাওলানা এ কে এম আফজালুল আনাম এবং বিরল উপজেলা বিএনপির সভাপতি মো. বাবুল হোসেন।

এছাড়াও বিরল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিজোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুলতান মাহমুদ, বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, রাণীপুকুর ইউপির সাবেক চেয়ারম্যান মোজাহারুল ইসলাম ও ইউপি সদস্য ফয়জার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী জানাজায় অংশ নেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।