সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত উপজেলা ঘোষণার লক্ষ্যে সভা

মো: মামুনুর রশিদ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৭:৩৪ পিএম

দিনাজপুরে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত উপজেলা ঘোষণার লক্ষ্যে সভা

সাংবাদিকদের সাথে মতবিনিময়

দিনাজপুর সদর উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬ সকালে দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকার পল্লীশ্রী মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, দিনাজপুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে বক্তারা একটি আধুনিক ও সুরক্ষিত দিনাজপুর গড়ার প্রত্যয়ে গণমাধ্যমকর্মীদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। 

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ওয়ার্ল্ড ভিশন একটি আন্তর্জাতিক ত্রাণ ও উন্নয়ন সংস্থা যা শিশুদের জীবন থেকে দারিদ্র্য এবং অন্যায় দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অসহায় ও দরিদ্রতম শিশুদের সেবা প্রদানে নিবেদিত এই সংগঠনটি বর্তমানে দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন এবং পৌরসভা এলাকায় কাজ করছে। 

তিনি আরও উল্লেখ করেন যে, বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত উপজেলা ঘোষণার প্রক্রিয়ায় গণমাধ্যমকর্মীদের যথেষ্ট ভূমিকা রয়েছে এবং সকলের সচেতনতায় একদিন এই লক্ষ্য অর্জিত হবে।সভার সঞ্চালনার দায়িত্ব পালন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নর্দান বাংলাদেশ ক্লাস্টারের ফিল্ড কমিউনিকেশন কো-অর্ডিনেটর আলভী হোসাইন। সভায় মুক্ত আলোচনায় অংশ নিয়ে নিজেদের সুচিন্তিত মতামত প্রদান করেন সাংবাদিক নুরুল হুদা দুলাল, রতন সিং, খাদেমুল ইসলাম, মোঃ রিয়াজুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, রস্তম আলী মন্ডল, আব্দুর রাজ্জাক, শাহারিয়ার হিরু, সুলতান মাহামুদ, শাহিন হোসেন এবং রেজাউল করিম রঞ্জু। সাংবাদিকরা এই মহতী উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং মাঠ পর্যায়ে তথ্য প্রদানের মাধ্যমে সহযোগিতা করার আশ্বাস দেন।

আয়োজক পক্ষ থেকে জানানো হয়, দিনাজপুর সদর উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা করতে গেলে বিভিন্ন ধরনের সামাজিক ও কাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এই চ্যালেঞ্জগুলো উত্তরণে সাংবাদিকদের লেখনি ও প্রচারণার বিকল্প নেই। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আগামীতে দিনাজপুর সদর উপজেলাকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা সম্ভব হবে।