ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১০:৩০ পিএম
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, কেউ যাতে দুষ্কর্ম করে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে না পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। একই সাথে তিনি স্থানীয় প্রশাসনকে এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখতে সর্বাত্মক সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
শনিবার বিকেল ৫টায় তাঁর নির্বাচনী এলাকা দিনাজপুর-৬ আসনের হাকিমপুর উপজেলার বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী ডা. জাহিদ হোসেন তাঁর বক্তব্যে হিলি অঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি জানান, হিলি রেল স্টেশনের দীর্ঘদিনের সমস্যা সমাধান, হিলি স্থলবন্দর আধুনিকায়ন, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন এবং মাদক প্রতিরোধসহ তাঁর নির্বাচনি প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে খুব শীঘ্রই কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই লক্ষ্য অর্জনে তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। প্রশাসনের কাজে সহযোগিতা করার পাশাপাশি সামাজিক শৃঙ্খলা রক্ষায় সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন তিনি।হাকিমপুর উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি আকরাম হোসেন এবং সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল।
এছাড়াও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না এবং হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর আজ শনিবার দুপুর ১২টা থেকে ডা. এ জেড এম জাহিদ হোসেন তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন উপজেলায় সফর শুরু করেন। তিনি পর্যায়ক্রমে নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। বিকেলের কর্মসূচি শেষে তিনি হাকিমপুর থেকে বিরামপুরের উদ্দেশে রওনা দেন। সেখানে আয়োজিত একটি ইফতার মাহফিলে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে। মন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে দিনাজপুর-৬ আসনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন