শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে শিক্ষকদের সংবর্ধনা

মোঃ আরিফ ইসলাম

ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৮:১৭ পিএম

বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে শিক্ষকদের সংবর্ধনা

এমপিকে শিক্ষকদের শুভেচ্ছা :ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি বীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বীরগঞ্জ উপজেলা পর্যায়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

মূলত শিক্ষক সমাজের সঙ্গে জনপ্রতিনিধির সেতুবন্ধন ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনার লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও আমতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান হাবীব। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম বলেন, একটি সমৃদ্ধ ও আলোকিত জাতি গঠনে শিক্ষক সমাজের ভূমিকা অনস্বীকার্য। দেশ ও জাতির সার্বিক উন্নয়নের মূলে রয়েছে মানসম্মত শিক্ষা। তিনি আরও বলেন, বর্তমান সরকারের শিক্ষা বান্ধব পরিকল্পনাগুলো সফলভাবে বাস্তবায়নের জন্য শিক্ষকদের সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

 

শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের নৈতিক গুণাবলিসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে তিনি শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একইসঙ্গে তিনি বীরগঞ্জ ও কাহারোল উপজেলার শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ শিক্ষকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন। আলোচনা সভায় শিক্ষক নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। সভার শেষ পর্যায়ে দেশ ও জাতির সুখ-শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। আয়োজকরা মনে করছেন, এ ধরনের আয়োজন শিক্ষক সমাজের মধ্যে সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করবে।