রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বোচাগঞ্জে ১ টাকা লাভে পণ্য বিক্রি করছেন সুমন স্যার

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১, ২০২৬, ১০:৫৫ পিএম

বোচাগঞ্জে ১ টাকা লাভে পণ্য বিক্রি করছেন সুমন স্যার

১ টাকা লাভের দোকান।ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বোচাগঞ্জে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সুমন স্যার নামে পরিচিত এক ব্যবসায়ী। সাধারণ মানুষের নাভিশ্বাস চরমে পৌঁছালেও তার ব্যবসা প্রতিষ্ঠান এস এ ট্রেডার্সে মাত্র ১ টাকা লাভে বিক্রি করা হচ্ছে নিত্যপ্রয়োজনীয় সব পণ্য। রমজানে ১১ মাসের লাভ এক মাসে তুলে নেওয়ার অসুস্থ প্রতিযোগিতার ভিড়ে তার এই মহতি উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক স্বস্তি ও প্রশংসা কুড়িয়েছে।

বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে বর্তমানে প্রকারভেদে লেবুর হালি ৪০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা রমজানের আগে ছিল মাত্র ১২ টাকা। একইভাবে ১৫ টাকার শসা প্রথম রোজা থেকেই ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। 

এই অস্থির বাজারের বিপরীতে দাঁড়িয়ে সুমন স্যার তার দোকানে সেমাই, দেশি ছোলা, চিনি, সয়াবিন তেল, মুড়ি, ডিম এবং চাল-ডালসহ প্রায় দুই শতাধিক পণ্য মাত্র ১ টাকা লাভ রেখে বিক্রি করছেন। সেতাবগঞ্জ পৌর শহরে এখন তার এই দোকানটি ১ টাকা লাভের দোকান নামেই বিশেষ পরিচিতি পেয়েছে।

দোকানে আসা ক্রেতা শেখ কামাল জানান, এখানে কেনাকাটা করে তিনি স্বস্তি পাচ্ছেন কারণ দামাদামির কোনো ঝামেলা নেই এবং অন্যান্য দোকানের তুলনায় খরচ অনেক কম। মোজাম্মেল হক ও জলিল আলী নামে আরও দুই ক্রেতা বলেন, এমন উদ্যোগ যদি সারা বছর চালু থাকত তবে সাধারণ মানুষের জন্য আরও বেশি উপকার হতো। রিকশাচালক আমজাদ হোসেনও এই দোকানে পণ্য কিনে ঠকার ভয় নেই বলে নিজের সন্তুষ্টির কথা জানান।

উদ্যোক্তা মো. নাজমুল ইসলাম সুমন জানান, হালাল ব্যবসাই হচ্ছে উত্তম ব্যবসা। গত ১১ মাস হালালভাবে ব্যবসা করে তিনি যা আয় করেছেন, তা দিয়ে রমজান মাসটি অনায়াসে চলে যাবে বলে তিনি বিশ্বাস করেন। কয়েক বছর আগে একটি সড়ক দুর্ঘটনার পর মানুষের কল্যাণে কিছু করার তাড়না থেকেই তিনি এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন। পহেলা রমজান থেকে শুরু হওয়া এই ১ টাকা লাভের বিক্রয় কার্যক্রম পুরো রমজান মাস জুড়ে চলমান থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।